পুলিশ একাডেমি সারদা থেকে নিখোঁজ ডিআইজি এহসানুল্লাহ, রহস্য ঘনীভূত

0
209
ছবি - সংগৃহীত

বরিশাল প্রতিনিধি :


বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা থেকে নিখোঁজ হয়েছেন একাডেমির সাপ্লাই শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বরিশালের সাবেক পুলিশ সুপার ডিআইজি এহসানুল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সারদা একাডেমি, রাজশাহী ও পুলিশ সদর দপ্তরে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায়, ডিআইজি এহসানুল্লাহর বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছিল—যার মধ্যে রয়েছে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং কথিত ক্রসফায়ারের ঘটনায় সম্পৃক্ততা। এই তদন্তের অংশ হিসেবে বুধবার সকালে ঢাকা থেকে পুলিশের একটি বিশেষ দল সারদা একাডেমিতে যায়। তবে টিমটি পৌঁছানোর আগেই ডিআইজি এহসানুল্লাহ তার সরকারি বাসা থেকে বেরিয়ে যান, এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ পুলিশ একাডেমির প্রশাসন বিভাগের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, “ডিআইজি এহসানুল্লাহ গত বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত। আমরা তার অবস্থান জানি না। সদর দপ্তর থেকে একটি টিম তাকে খুঁজতে এসেছিল বলে শুনেছি। বিষয়টি তদন্তাধীন।”

অন্যদিকে একাধিক সূত্র জানায়, অভিযানের খবর আগেই জানতে পেরে মোটরসাইকেলে করে একাডেমি ত্যাগ করেন তিনি। ধারণা করা হচ্ছে, তিনি ঢাকাসহ কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “ডিআইজি এহসানুল্লাহর বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছিল। তার হঠাৎ নিখোঁজ হওয়া তদন্তের জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে। তাকে খুঁজে বের করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

ঘটনার পর সারদা পুলিশ একাডেমিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশ ও বহির্গমনপথে কড়া নজরদারি বসানো হয়েছে এবং কর্মকর্তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পুলিশ মহলে এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, তিনি হয়তো গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে গেছেন, আবার কেউ ধারণা করছেন, তাকে গোপনে তুলে নেওয়া হয়ে থাকতে পারে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here