নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও কিশোর গ্যাং দমন এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন।
রোববার (১৭ মে) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা মাদক, অনলাইন জুয়া, ভিসা প্রতারণা, চুরি-ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জবাবে পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন বলেন, “নীলফামারীতে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, ভিসা প্রতারণা ও চুরিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, পুলিশিং ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ ও জনগণমুখী করতে কাজ করা হবে এবং জনগণের আস্থা অর্জনই মূল লক্ষ্য। থানাগুলোতে সেবার মান বৃদ্ধি, দ্রুত অভিযোগ গ্রহণ এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

