পিরোজপুর প্রতিনিধি :
ঐতিহাসিক মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পিরোজপুরের কদমতলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল প্রস্তুতিমূলক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কদমতলা বাজারে আয়োজিত এই সভায় ১লা মে’র জাতীয় কর্মসূচি সফল করতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
কদমতলা ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর গোমস্তা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল খান, পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ফকির, কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম মোল্লা, সাবেক জেলা বিএনপি সদস্য মোঃ হারুন শেখ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কদমতলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান হাদি-এর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক শ্রেণি হলেও বর্তমানে তারা নানাভাবে বঞ্চিত।
বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের শ্রমিকবান্ধব রাষ্ট্রচিন্তা ও আধুনিক দর্শনের কথা তুলে ধরেন। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে শ্রমিকদের জন্য উন্নত কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সভার শেষ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল খান কদমতলা ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর গোমস্তাকে অত্র ইউনিয়নের (কদমতলা) সভাপতি হিসেবে ঘোষণা করেন। তার নাম ঘোষণা করার পর উপস্থিত নেতাকর্মীরা তাকে করতালি ও স্লোগানের মাধ্যমে অভিনন্দন জানান।
প্রস্তুতি সভা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক শ্রমিক নেতাকর্মী মিছিল নিয়ে কদমতলা বাজারে সমবেত হয়ে মহান মে দিবসের কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক

