পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় ধাপ সম্পন্ন: শতভাগ স্বচ্ছতার অঙ্গীকার পুলিশ সুপারের

পিরোজপুর প্রতিনিধি :

 

“সেবার ব্রতে চাকরি” — এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) পিরোজপুর পুলিশ লাইনস মাঠে অত্যন্ত স্বচ্ছতা ও উৎসবমুখর পরিবেশে এই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (PET) অনুষ্ঠিত হয়।

নিয়োগ কার্যক্রম সূত্রে জানা গেছে, প্রথম দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে আজ দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এদিন প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য চারটি ভিন্ন ইভেন্টে পরীক্ষা নেওয়া হয়। ইভেন্টগুলো ছিল— ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প এবং হাই জাম্প। প্রতিটি ইভেন্টে প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পিরোজপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী দিন শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানান। এ সময় তিনি প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তব্যে পুলিশ সুপার স্পষ্টভাবে ঘোষণা করেন যে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। তিনি চাকরিপ্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালাল চক্রের প্রলোভনে পা না দেওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করে দেন। পুলিশ সুপার বলেন, “শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই নির্বাচিত করা হবে। আপনারা নিয়োগ বোর্ডের ওপর আস্থা রাখুন। আমরা একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ।”

নিয়োগ কার্যক্রম চলাকালে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যোগ্য ও দক্ষ পুলিশ বাহিনী গড়তে দেশব্যাপী চলমান এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে পিরোজপুরেও পর্যায়ক্রমে পরবর্তী ধাপের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here