পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে নিঃস্ব হয়ে পড়েছেন অসহায় ব্যবসায়ীরা। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের মালামালসহ তিলে তিলে গড়া স্বপ্নগুলো চোখের পলকে ছাই হয়ে যায়। সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ক্ষতিগ্রস্তরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনাটি জানার পরপরই মানবিক সাড়া দেন পিরোজপুরের জেলা প্রশাসক। তাঁর নির্দেশে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেন এবং ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করেন।
শোকাতুর এই ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষে আজ বিকালেই জেলা প্রশাসক মহোদয় নিজ হাতে সরকারি সহায়তা তুলে দেন। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ বান করে ঢেউটিন, নগদ ২০ হাজার টাকা এবং জরুরি শুকনা খাবার প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সম্পদ হারিয়ে ব্যবসায়ীরা সাময়িকভাবে ভেঙে পড়লেও সরকার তাদের পাশে আছে। এই সম্মিলিত প্রয়াস তাদের আবার নতুন করে ঘুরে দাঁড়াতে শক্তি জোগাবে। দ্রুত এই মানবিক সহায়তা পাওয়ায় জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এই বাংলা/এমএস
টপিক

