গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নেসলে বাংলাদেশ লিমিটেড কারখানায় শ্রমিক সরবরাহ ও ঝুট বাণিজ্যকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দেশীয় অস্ত্রের মহড়া দেখা যায়।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নেসলে কারখানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার ঝুট ও শ্রমিক সরবরাহের কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিকসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল শেখ অভিযোগ করেন, তিনি, জাহাঙ্গীর সিকদার ও জনিসহ চারজন কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক সরবরাহের কাজ পরিচালনা করে আসছেন। মঙ্গলবার সকালে শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে সালাউদ্দীন সরকারের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে তাদের চারজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে রনি শেখ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি দাবি করেন।
অন্যদিকে এ বিষয়ে বক্তব্য জানতে সালাউদ্দীন সরকারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইউনুস আলী নছ মিয়া বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নজরুল শেখ ও জাহাঙ্গীরের লোকজন অবৈধভাবে দখল করে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে কারখানার চারজন শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন— আবির ফারুক, মিরাজ, মনির হোসেন ও রনি শেখ।
শ্রীপুর মডেল থানার পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

