নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিটিসি প্রাঙ্গণে এ মেলা চলে।
সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে চাকরি মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী টিটিসির অধ্যক্ষ মাসুদ রানা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মেলায় সেকশন সেভেন, প্রাণ-আরএফএল, বিডিজবস, দেশবন্ধু টেক্সটাইলস, আয়েশা আবেদ ফাউন্ডেশন, ম্যাজেন বিডি, ভেনচুরা লেদারওয়্যার, উত্তরা সোয়েটার, নীলসাগর গ্রুপ ও অভিজাত গ্রুপসহ মোট ১০টি প্রতিষ্ঠান চাকরি প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করে।
চাকরি প্রত্যাশী শাহিনুর রহমান বলেন, এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী। এক জায়গায় একাধিক শিল্পপ্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার সুযোগ থাকায় অনেকেরই কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি নিজেও একাধিক প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছেন।
টিটিসি অধ্যক্ষ মাসুদ রানা জানান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই মেলা থেকে অনেকের চাকরি হবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, মেলায় অংশ নেওয়া ১০টি প্রতিষ্ঠানে মোট প্রায় তিন হাজার জীবনবৃত্তান্ত জমা পড়েছে।

