নীলফামারীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি :

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণীর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং নতুন ধারণা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, বর্তমান বিশ্ব জ্ঞানভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। এ বাস্তবতায় শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, গবেষণামুখী মানসিকতা এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক চর্চা ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের পাশাপাশি দেশের টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে সেরা বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here