নীলফামারীতে সুজনের আয়োজনে সুষ্ঠ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

0
227
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নীলফামারীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নীলফামারীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের স্কাইভিউ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠক আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন), নীলফামারী জেলা কমিটি। বৈঠকটি গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৈঠকে সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।
বক্তৃতায় উপস্থিত ছিলেন সুজনের রংপুর অঞ্চলের প্রতিনিধি রাজেশ দে, সুজন নীলফামারীর সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা বংকুবিহারী রায়, নীলফামারী বড় মসজিদের খতিব মওলানা আশরাফুল হক নুরানী, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি আকতারুল আলম রাজু, ডাঃ আউয়াল, প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাহমিনুল হক, উদ্যোক্তা ফৌজিয়া ইয়াসমিন জলি, রউফল আলম, মানবাধিকার কর্মী ডেইজি মাসরাফি, সাংবাদিক হাসান রাব্বী প্রধান ও মিল্লাদুর রহমান মামুন, কবি মনি খন্দকার প্রমুখ। এছাড়া এবারের সংসদ নির্বাচনে প্রথমবার ভোট দেবেন এমন দুইজন ভোটারও তাদের মতামত তুলে ধরেন।

বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। তারা নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং সংগঠিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার, ভোটাধিকারের নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারের লক্ষ্যে ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজনসহ প্রায় দেড়শতাধিক নাগরিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here