নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন জাপা ও আওয়ামী লীগের চার সাবেক ইউপি চেয়ারম্যান

0
597
নীলফামারীতে বিএনপিতে যোগদান করলেন সাবেক চার চেয়ারম্যান / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


বিএনপির রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারীতে জাতীয় পার্টির তিনজন এবং আওয়ামী লীগের একজনসহ মোট চারজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপিতে যোগদান করেছেন।

রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের দলে স্বাগত জানান জেলা বিএনপির নেতাকর্মীরা।

বিএনপিতে যোগদানকারীরা হলেন— জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ও কুন্দপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী, জাতীয় পার্টির সাবেক নেতা ও খোকশাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসফাউদৌলা সিদ্দিকী খোকন, জাতীয় পার্টির সাবেক নেতা ও চরাইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক বসুনিয়া এবং কার্যক্রম নিষিদ্ধ রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম তুহিন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

যোগদান অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যানরা জানান, দীর্ঘদিন ধরেই তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই সুযোগ পেয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তারা বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির সঙ্গে থাকার অঙ্গীকার করছেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, একজন সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি পুরো এলাকার প্রতিনিধি হন, কোনো একটি দলের নয়। তাই দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে রাজনীতি করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উদার ও সহনশীল রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন, যার কারণে তিনি ভিন্ন রাজনৈতিক মতের মানুষের কাছেও সম্মান পেয়েছেন।

তিনি আরও বলেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা স্বেচ্ছায় বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগ দিয়েছেন, যা বিএনপির প্রতি জনগণের আস্থার প্রতিফলন।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here