নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
সূর্যোদয়ের প্রথম প্রহরেই ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি।
গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালি জাতির গৌরবের মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সকাল ৬ ঘটিকায় ৩১ বার তোপধ্বনি শেষে নাসির নগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সর্বপ্রথম উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরীন, অন্যান্য কর্মকর্তা সহ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা পুলিশের পক্ষ থেকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় ও পুলিশ সদস্যরা শ্রদ্ধা জানান।
পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগ, নাসিরনগর প্রেসক্লাব, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও রাজনৈতিক (বিএনপি, এনসিপি) সংগঠন এবং উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন ও স্মরণীয় পরিবেশ।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক কুচকাওয়াজ। কুচকাওয়াজে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সালাম গ্রহণ করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,মুক্তিযুদ্ধদের সংবর্ধনা সহ মুক্তিযুদ্ধভিত্তিক আয়োজন ও বিশেষ দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এসব আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।
এই বাংলা/এমএস
টপিক

