নাসিরনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ হাতের টানে উঠে যাচ্ছে পিচ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার পুর্বভাগ ইউনিয়নের মকবুলপুর থেকে কোয়ারপুর  পর্যন্ত সড়কটিতে পিচ ঢালাই হয়েছে মাত্র পাঁচ দিন আগে। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ। এতে নিম্নমানের সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

গত কয়েক দিন ধরে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) সরেজমিনে গিয়ে দেখা গেছে, এক যুবক হাত দিয়ে অনায়াসে তুলে ফেলছেন সড়কের পিচ। এই অবস্থা দেখে আশপাশের অনেক মানুষ সেখানে জড়ো হন। উপস্থিত লোকজন নিম্নমানের কাজের জন্য সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

পরে খোঁজ নিয়ে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

জানা গেছে, স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ সড়কটি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল। সম্প্রতি সংস্কারকাজ শুরু হলে খুশি হন এলাকাবাসী। তবে কাজ শেষ না হতেই দেখা দিয়েছে অনিয়ম।

ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী জানান, দায়সারাভাবে সড়কটি সংস্কার করা হয়েছে। এত নিম্নমানের কাজ আগে কখনো হয়নি। সড়কটি বেশি দিন টেকসই হবে না বলে জানান তাঁরা।

পাশাপাশি এমন নিম্নমানের কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাটবাজার—সব জায়গায় যাতায়াত করতে হয়। আমরা এত দিন অবহেলিত ছিলাম। কাজ শুরু হওয়ায় খুশি হয়েছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, কাজের মান অত্যন্ত নিম্ন। মাত্র পাঁচ দিন হলো পিচ ঢালাই করেছে, এখন হাতে টান দিলেই পিচ উঠে যাচ্ছে।’

এমন  অনিয়ম দেখে প্রতিবাদ করেছিলাম, কিন্তু ঠিকাদারের লোকজন তা শোনেননি। উল্টো হুমকি-ধমকি দিয়েছেন।’‘আমরা এমন রাস্তা চাই না। এই রাস্তা এক মাসও টিকবে না।’

সড়কটি স্থানীয় বাসিন্দাদের যাতায়াত, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা এবং কৃষকদের উৎপাদিত ফসল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এমন নিম্নমানের কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here