নিজস্ব প্রতিবেদক :
রাঙ্গামাটির নানিয়ারচরে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বাংলাদেশ সেনাবাহিনী-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান।
কর্মসূচিতে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য, বন বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তা, পুলিশ সদস্য, বেসামরিক প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি সদস্য এবং সাধারণ জনগণসহ প্রায় ৩৫০ জন অংশগ্রহণ করেন।
আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ এবং নানিয়ারচর জোন সদর থেকে নানিয়ারচর বাজার পর্যন্ত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের দুই পাশ ও জনসমাগমপূর্ণ স্থান থেকে বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়।
পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ, অর্গানিক কম্পোস্ট সার তৈরি এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মশিউর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জনগণের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী।

