নিজস্ব প্রতিবেদক :
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা-এ সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানা গেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গত রাতে উপজেলার একটি রাবার বাগান এলাকা থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের সেগুন গোলকাঠ চুরির ঘটনা ঘটে। এ তথ্যের ভিত্তিতে নানিয়ারচর সেনা জোন-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান-এর নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহর নেতৃত্বে একটি টহল দল উদ্ধার অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, চুরি হওয়া কাঠগুলো রামহরিপাড়া ও তক্ষশীলা এলাকার সড়ক ব্যবহার করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। পরে সেনাবাহিনীর টহল দল সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে উপজেলার কৃষ্ণমাছড়া এলাকার একটি পুকুর সংলগ্ন গোপন স্থান থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করে।
পরবর্তীতে কাঠের মালিক মোঃ সোহেল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত কাঠ শনাক্ত করেন। সেনাবাহিনী কাঠগুলো নিরাপদে স্থানান্তর এবং মালিকের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করে বলেন, এ অভিযানের ফলে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

