নাটোর প্রতিনিধি :
নাটোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির একটি চক্রের সন্ধান পেয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মো. শরিফুল হক।
তিনি জানান, শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পার আটঘরিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রধান অভিযুক্ত মো. খোকন মিয়া (২৮) দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় এক বছর ধরে তিনি এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে “এসকে নিউট্রিশন” ও “অর্গানিক বায়ো কেয়ার সলিউশন” নামে দুটি ফেসবুক পেজের মাধ্যমে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন ক্রেতার কাছে এসব ওষুধ বিক্রি করা হতো।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশের দাবি, চক্রটি প্রায় ৪০ ধরনের অনুমোদনহীন ও ভেজাল ওষুধ, যার মধ্যে যৌন উত্তেজক ও বিভিন্ন রোগের কথিত ওষুধও রয়েছে, তৈরি ও বাজারজাত করত। এসব বিক্রি করে বছরে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা আয় করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
অভিযানে জব্দ করা ভেজাল ওষুধ ও যন্ত্রপাতির আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার অন্য দুইজন হলেন মো. শরিফুল ইসলাম (২৮) ও মো. তারিকুল ইসলাম (২৪)। তারা সবাই নাটোর সদর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই বাংলা/এমএস
টপিক

