কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিও এবং পরিষদের সদস্যদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১০ জুন জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক আদেশে তাকে দায়িত্বমুক্ত করা হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখতে নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবিরকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর খাদিজা বেগম সন্তোষপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের সময় পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দেওয়া হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি দ্রুত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে উপজেলা প্রশাসনের তদন্তে বিভিন্ন অভিযোগের সত্যতা উঠে এসেছে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
খাদিজা বেগমের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. খোদাদাদ হোসেন বলেন, শুধুমাত্র ভিডিও প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে নয়, তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগ তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয় এবং সেই প্রতিবেদনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম এবং জনসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

