নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিএনপি, নাগরপুর প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. এ. ছালাম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, মো. সুজায়েত হোসেন ও মো. মোকাদ্দেসসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

