নলডাঙ্গায় কীটনাশক মুক্ত বেগুন চাষে সফল শহিদুল ইসলাম

নলডাঙ্গায় নেট পদ্ধতিতে বিষমুক্ত বেগুন চাষে সফলতা, আগ্রহ বাড়ছে কৃষকদের

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

 

নাটোরের নলডাঙ্গা উপজেলায় আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে বিষমুক্ত বেগুন চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। মশারির আদলে বিশেষ নেট ব্যবহার করে কীটনাশক ছাড়াই বেগুন চাষে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষক মো. শহিদুল ইসলাম। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলনও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলার ঠাকুর লক্ষীকুল (সোনার মোড়) এলাকার কৃষক মো. শহিদুল ইসলামের ১১ শতক জমিতে স্থাপিত পরীক্ষামূলক বেগুন ক্ষেত পরিদর্শনকালে এসব তথ্য জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী।

তিনি বলেন, উপজেলায় প্রথমবারের মতো নেট ব্যবহার করে কীটনাশকমুক্ত বেগুন চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদ্ধতিতে প্রচলিত চাষাবাদের তুলনায় উৎপাদন খরচ ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমেছে এবং ফলন প্রায় দ্বিগুণ হয়েছে। একবার নেট স্থাপন করলে তা পাঁচ বছরেরও বেশি সময় ব্যবহার করা সম্ভব। এছাড়া প্রতিকূল আবহাওয়ার প্রভাবও তুলনামূলক কম পড়ে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, নিরাপদ ও বিষমুক্ত হওয়ায় এ ধরনের বেগুনের বাজার চাহিদা বেশি। বিষয়টি দেখে উপজেলার অনেক কৃষক আগ্রহ প্রকাশ করছেন এবং কৃষি অফিস থেকে পরামর্শ নিচ্ছেন। ভবিষ্যতে অন্যান্য সবজি চাষেও পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করছেন।

কৃষক মো. শহিদুল ইসলাম বলেন, আগে অতিরিক্ত শ্রম, উৎপাদন খরচ ও কীটনাশক ব্যবহারের ঝামেলার কারণে বেগুন চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। পরে কৃষি বিভাগের পরামর্শে নেট পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে বেগুন চাষ শুরু করেন। এতে খরচ কমেছে, ফলন বেড়েছে এবং লাভও বেশি হচ্ছে। বাজারে এই বেগুনের চাহিদা ও মূল্য দুটোই ভালো বলে তিনি জানান।

স্থানীয় কৃষক ও বেগুন ব্যবসায়ীরা বলেন, বিষমুক্ত ও স্বাস্থ্যসম্মত হওয়ায় এই বেগুনের স্বাদ ভালো এবং ক্রেতাদের আগ্রহও বেশি। তারা নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে এ পদ্ধতির আরও বিস্তারের দাবি জানান।

সংশ্লিষ্টদের মতে, নেট পদ্ধতিতে সবজি চাষের এই উদ্যোগ নলডাঙ্গায় নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here