কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত উপমহাদেশের প্রথম মুসলিম নারী নবাব ফয়জুন্নেছার ঐতিহাসিক বাড়ি ও জাদুঘরের প্রবেশপথ পুনরায় উন্মুক্ত করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার (১৬ জুন) রাতে প্রবেশপথটি অবমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দা, ইতিহাসপ্রেমী ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩১ অক্টোবর জাদুঘরের গেজেটভুক্ত প্রবেশপথে একটি দেয়াল নির্মাণের মাধ্যমে চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া শুরু হয়।
ওয়াকফ প্রশাসন বিষয়টির আইনগত দিক পর্যালোচনা করে জাদুঘরের প্রবেশপথ উন্মুক্ত করার বিষয়ে জেলা প্রশাসনের কাছে সুপারিশ করে। সংশ্লিষ্টদের মতে, জনসাধারণের চলাচলের পথ বন্ধ রাখার বিষয়টি আইনগতভাবে পর্যালোচনার প্রয়োজন ছিল।
এদিকে প্রবেশপথের মালিকানা নিয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। মামলার বাদীপক্ষ সংশ্লিষ্ট জমির মালিকানা দাবি করে আদালতের শরণাপন্ন হন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
লাকসাম পৌরসভা সূত্রে জানা যায়, প্রবেশপথে নির্মিত দেয়ালটির প্রয়োজনীয় অনুমোদন ছিল না বলে অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত ও যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশও দেওয়া হয়েছিল।
নবাব ফয়জুন্নেছা ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী সৈয়দ মাসুদুল হক প্রবেশপথ পুনরায় উন্মুক্ত হওয়াকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
নবাব ফয়জুন্নেছার পারিবারিক বংশধর ফজলে রহমান চৌধুরী আয়াজ বলেন, ঐতিহাসিক এ স্থাপনার প্রবেশপথ অনেক আগেই উন্মুক্ত হওয়া উচিত ছিল। এটি শুধু একটি পরিবারের নয়, বরং দেশের ঐতিহ্য ও ইতিহাসের অংশ।
আইনজীবী ফরিদ আহমেদ মজুমদার বলেন, জনসাধারণের চলাচলের পথ বন্ধ করার বিষয়টি আইনগতভাবে জটিল এবং এ ধরনের বিষয়ে আদালত ও প্রশাসনের সিদ্ধান্ত অনুসরণ করা উচিত।
স্থানীয়দের মতে, প্রবেশপথ পুনরায় চালু হওয়ায় দর্শনার্থীদের যাতায়াত সহজ হবে এবং ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণ ও পরিচিতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

