বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কুতুবেরচর এলাকায় নদীভাঙনের শিকার হয়ে চরম দুর্ভোগে পড়েছে ওমর আলীর পরিবার। বসতভিটা হারিয়ে বর্তমানে পরিবারটি অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ফজল হকের ছেলে ওমর আলী দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে কুতুবেরচর এলাকায় বসবাস করতেন। তবে ভয়াবহ নদীভাঙনের কারণে একপর্যায়ে তাদের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে পরিবারটি পুরোপুরি গৃহহীন হয়ে পড়ে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে বাধ্য হয়ে অন্যের জমিতে অস্থায়ীভাবে একটি ঘর নির্মাণ করে আশ্রয় নেন তারা। কিন্তু কিছুদিন পর সেই ঘরটিও ভেঙে ফেলা হলে আবারও খোলা আকাশের নিচে থাকতে হয় পরিবারটিকে।
বর্তমানে স্থানীয় এক সহৃদয় ব্যক্তির সহযোগিতায় সাময়িকভাবে আশ্রয়ে থাকলেও সেটি স্থায়ী নয়। যেকোনো সময় সেই আশ্রয়ও হারানোর শঙ্কায় দিন কাটছে তাদের। পরিবারটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটির দ্রুত স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে তারা নিরাপদ ও স্বাভাবিকভাবে বসবাস করতে পারে।
এই বাংলা/এমএস
টপিক

