খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় উপজেলার কৃতি সন্তান মোসলেহ উদ্দিন আহমেদ তুহিন বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন।
রোববার (১৭ মে) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুলিশ সদর দপ্তরের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এই খবর রামগড়ে পৌঁছানোর পর থেকেই খুশিতে ভাসছে পুরো এলাকা। সীমান্ত শহর রামগড়ের মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা মোসলেহ উদ্দিন আহমেদ তুহিন এখন বাংলাদেশ পুলিশের অন্যতম শীর্ষ কর্মকর্তা। তার এই নিয়োগ কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো রামগড় বাসীর জন্য এক বিশাল গর্বের বিষয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খবরটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পাড়া-মহল্লায় বইছে উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দারা বলছেন, পাহাড়ের এক শান্ত ছেলে আজ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে। এটি আমাদের জন্য বড় প্রাপ্তি এবং অভিনন্দন জানিয়ে এই আনন্দ উদযাপন করছেন।
তরুণ প্রজন্মের কাছে মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন এখন এক অনুকরণীয় আদর্শ। প্রতিকূল পরিবেশ জয় করে মেধা আর সততার জোরে কীভাবে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তিনি তার জীবন্ত উদাহরণ। রামগড়ের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছেন।
মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি যেমন রামগড় কে আলোকিত করেছেন, তেমনি আগামী দিনে ও দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।
এই বাংলা/এমএস
টপিক

