নড়াইল প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা ইমরান হোসেন (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এসএম সুলতান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মেহেদী হাসান কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি নড়াইল সদর উপজেলার মহিষখোলা পুরাতন ফেরিঘাট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। মেহেদী নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আহত ইমরান হোসেন সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের ইনামুল খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে মহিষখোলার বাসা থেকে মেহেদী তার মামার বাড়ি সদর উপজেলার গোবরা এলাকায় যান। সন্ধ্যার দিকে সেখান থেকে নড়াইল শহরের দিকে ফেরার পথে এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী ও ভ্যানে থাকা ইমরান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমরান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসি মো. ওলি মিয়া বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এই বাংলা/এমএস
টপিক

