স্টাফ রিপোর্টার :
রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাসাটিতে মীর তারেকসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
গুলিবিদ্ধ ফয়সাল বাঁধন নগরের সাহেববাজার এলাকার বাসিন্দা। স্থানীয় ও দলীয় সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার সঙ্গে অংশ নিতেন।
ঘটনার পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ফয়সালের পেটে নাভির সামান্য ওপরে গুলি লাগে। বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে শরীর থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া গুলিটি পিস্তলের বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, কয়েক রাউন্ড গুলি, গুলির খোসা, ককটেল সদৃশ একটি বস্তু এবং কিছু বিস্ফোরকসদৃশ উপাদান উদ্ধার করা হয়েছে।
তবে বাসাটি কার নামে ভাড়া নেওয়া হয়েছিল কিংবা সেখানে কারা নিয়মিত অবস্থান করতেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে ঘিরে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধার হওয়া আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

