নকলায় পৌর টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

0
121
পৌর টোলের চাঁদাবাজি বন্ধের দাবিতে নকলায় মানববন্ধন / ছবি - এই বাংলা

নকলা (শেরপুর) প্রতিনিধি:

অটো রিকশা, সিএনজি ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনের ওপর পৌর টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে শেরপুরের নকলা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল নকলা পৌর শাখা।

শনিবার পৌর শহরের হলচত্বর মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীসহ অটো রিকশা, সিএনজি ও ভ্যানচালকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নকলা পৌরসভা-র নামে দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে টোল আদায় করা হচ্ছে, যা প্রকৃতপক্ষে চাঁদাবাজির শামিল। এতে নিম্নআয়ের চালকদের জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন।

বক্তারা অবিলম্বে পৌর টোলের নামে চাঁদা আদায় বন্ধ এবং চালকদের হয়রানি বন্ধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নকলা পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আজাদ অর্ণব, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম, পৌর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ আল সাহাব রাফিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here