মানিকগঞ্জের হরিরামপুরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন মো. সোরহাব হোসেন (৩৮)।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মাঝমপাড়া এলাকায় সোরহাব হোসেনের বাড়ির পাশেই অভিযুক্তদের বসবাস। অভিযোগে আতীক (২৮), পিতা শাহজাহান প্রামাণিক এবং বাসনা (৫৮), স্বামী শাহজাহান প্রামাণিককে বিবাদী করা হয়েছে।
অভিযোগকারী জানান, ঘটনার দিন সকাল আনুমানিক ১০টার দিকে তাঁর স্ত্রী রাবিনা ইসলামকে গ্রামের বাড়িতে বেড়াতে আসার কথা বলা হয়। একই সঙ্গে বাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখার জন্যও বলা হয়। পরে রাবিনা বাড়ি পরিষ্কার করতে গিয়ে গেট খুলে ভেতরে প্রবেশের সময় সেখানে আতীককে দেখতে পান।
অভিযোগে বলা হয়, আতীক সেখানে অবস্থান করার কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে রাবিনাকে হত্যার উদ্দেশ্যে মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। এরপর তাঁর চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মারার অভিযোগও করা হয়েছে। এতে রাবিনার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
রাবিনার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বিষয়টি বাসনাকে জানানো হলে তিনিও রাবিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন সোরহাব।
ঘটনার পর আহত রাবিনা ইসলামকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন অভিযোগকারী।
সোরহাব হোসেন জানান, বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান হয়নি। পরে আইনগত প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
এই বাংলা/এমএস