বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

নলডাঙ্গায় প্রতিবন্ধীদের সুবর্ণ কার্ড, ক্ষুদ্রঋণের চেক ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কৃষকদের উন্নয়ন ও কল্যাণে সরকার অঙ্গীকারবদ্ধ। কৃষকদের সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনতে পর্যায়ক্রমে কৃষি কার্ড প্রদান করা হবে এবং সেচব্যবস্থা উন্নয়নে খাল খনন কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্রঋণের চেক এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কৃষক দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন। তাদের ভাগ্যোন্নয়নে কৃষি কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, ঋণসহ বিভিন্ন সরকারি সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে খাল খনন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র (সুবর্ণ কার্ড) বিতরণ করা হয়। এছাড়া স্বাবলম্বী করতে ৩৩ জন উপকারভোগীর মাঝে মোট ১২ লাখ ৩০ হাজার টাকার ক্ষুদ্রঋণের চেক প্রদান করা হয়। প্রধান অতিথির স্বেচ্ছাধীন তহবিল থেকেও কয়েকজন সুবিধাভোগীর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ১৯টি পরিবারের মাঝে ২৮ বান্ডিল ঢেউটিন এবং মোট ৮৪ হাজার টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দিয়ে তাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

এই সম্পর্কিত আরো খবর