দৌলতপুরে হামলার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রঘুকোষ এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গৃহবধূসহ একই পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার রঘুকোষ-ধামশ্বর এলাকার উল্টাবাড়ী মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৬ জুন বিকেল সাড়ে ৬টার দিকে জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাজিব মিয়ার পরিবারের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। এতে রাজিব মিয়ার বড় ভাই আব্দুল হালিম, স্ত্রী নিজা এবং ভাবি হাসিনা গুরুতর আহত হন। তাদের প্রথমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় রাজিব মিয়া দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জসিম উদ্দিন, তার মেয়ের জামাই হাবিবুর রহমানসহ মোট নয়জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ধারালো অস্ত্র, লোহার রড, চাইনিজ কুড়াল ও কাঠের বাটাম দিয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। হামলার পর অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীসহ নিরীহ মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, ঘটনার পর উভয় পক্ষই পৃথক দুটি মামলা দায়ের করেছে। বর্তমানে দুই মামলার আসামিরা আদালত থেকে জামিনে রয়েছেন। উভয় পক্ষের আহতদের মেডিকেল সনদ সংগ্রহ করে ঘটনার সব দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, আলামত ও মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। অভিযোগের সত্যতা যার বিরুদ্ধে পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।