দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে আইএসএসডি, খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় টানা এক সপ্তাহের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল স্টেপস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইএসএসডি)।
বন্যার পানিতে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর, গবাদিপশু, পুকুর, মৎস্য প্রকল্প, বীজতলা এবং গ্রীষ্মকালীন সবজির ক্ষেত। অনেক পরিবার সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।
এমন পরিস্থিতিতে আইএসএসডি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় চার উপজেলার বিভিন্ন এলাকায় শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য।
আইএসএসডির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, “চলমান বন্যায় অসংখ্য মানুষ সবকিছু হারিয়ে চরম দুর্ভোগে রয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “গত এক দশক ধরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আইএসএসডি খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছে। এবারও দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করেছে।”
তিনি জানান, বন্যার পানি পুরোপুরি না নামা এবং দুর্গত মানুষের দুর্ভোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংস্থাটির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনেও সহযোগিতার পরিকল্পনা রয়েছে।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আইএসএসডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, বন্যায় ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্যসংকটে পড়েছিলেন। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয়দের আশা, সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থার মানবিক সহায়তা অব্যাহত থাকলে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।