দেড় বছর ধরে বন্ধ সেওতা–মানপাশা সড়কের সংস্কারকাজ, মানববন্ধনে দ্রুত কাজ শুরুর দাবি

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেওতা–মানপাশা সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রায় দুই বছর আগে সড়কটির সংস্কারকাজ শুরু হলেও গত দেড় বছর ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় নাগরিক, শিক্ষার্থী, অভিভাবক ও যানবাহনের চালকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সংস্কারকাজ পুনরায় শুরু করে জনদুর্ভোগ নিরসনের আহ্বান জানানো হয়।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, সেওতা–মানপাশা সড়কটি নলছিটির মানপাশা এলাকার সঙ্গে পাশের বাকেরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এ সড়ক দিয়ে অন্তত তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অনেক সময় যানবাহন উল্টে গিয়ে যাত্রী ও পথচারীরা আহত হচ্ছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত কাজ পুনরায় শুরু না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে নলছিটি উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মঈনুল আযম বলেন, “কাজটি ঠিকাদার মো. নাসিম আকন শুরু করেছিলেন। কাজ শুরুর পর তিনি মারা যাওয়ায় প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। আমরা দ্রুত সমস্যার সমাধান করে কাজটি পুনরায় চালুর চেষ্টা করছি।”

এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here