বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রীরচর হেফাজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান ববিন পদত্যাগ করেছেন। তিনি অসুস্থতার কারণ দেখিয়ে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আসাদুজ্জামান ববিন বিদ্যালয়ের আইসিটি শিক্ষক। ২০২২ সালে তৎকালীন প্রধান শিক্ষক জি. এম. এ. রহিম অবসরে যাওয়ার পর তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এবং এরপর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত বুধবার ইউএনও বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার সময় বিভিন্ন অসংগতি দেখতে পান। এ সময় প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন ও বিষয়গুলোর ব্যাখ্যা দিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়। এর তিন দিন পর তিনি পদত্যাগপত্র জমা দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পদত্যাগের বিষয়ে আসাদুজ্জামান ববিন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে আয়-ব্যয়ের হিসাবের খসড়া সংরক্ষণ করা হলেও চলতি বছরের হিসাব সংরক্ষণ করা হয়নি। এছাড়া বিদ্যালয়ের নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দেওয়া হয়নি। ব্যক্তিগত অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে দাবি করেন।
উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বলেন, ইউএনওর পরিদর্শনের সময় বিদ্যালয়ের আয়-ব্যয় সংক্রান্ত বিভিন্ন আর্থিক অনিয়ম ধরা পড়ে। এরপরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদত্যাগ করেন।
ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, পরিদর্শনের সময় আয়-ব্যয় সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি বিধি অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের আর্থিক বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।
টপিক

