খাগড়াছড়ি প্রতিনিধি :
মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দিঘীনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে দীঘিনালা জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল মো. আল-আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মেজর তৌকির আহমেদ এবং ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী।
এ কর্মসূচির আওতায় ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা এবং দারুল উলুম শাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও এতিমদের মাঝে চাল, আটা, চিনি, তেল ও ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সহায়তা পেয়ে প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা মো. বাচ্চু মিয়া এবং ক্রিস ত্রিপুরার চিকিৎসা ব্যয়ের জন্য ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
অন্যদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছা. জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের বসতঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আল-আমিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সেনাবাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

