ঝালকাঠি প্রতিনিধি :
তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নির্ধারণ করে বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির হলরুমে সদর উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিকের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন।
অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে মামলা, হামলা, কারাবরণ ও নির্যাতন সহ্য করেও যারা দলের পতাকা সমুন্নত রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে হাইব্রিড বা সুযোগসন্ধানী রাজনীতির কোনো স্থান বিএনপিতে হবে না।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের পরিবর্তে পরবর্তীতে দলে যোগ দেওয়া ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তারা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
জবাবে শাহাদাৎ হোসেন বলেন, বিএনপির প্রতিটি সাংগঠনিক সিদ্ধান্তে তৃণমূলের মতামত এবং আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নেতাকর্মীদের অগ্রাধিকার দিতে হবে। যারা কখনো রাজপথে ছিল না, তারা যদি ত্যাগী নেতাদের অবমূল্যায়নের চেষ্টা করে, তবে তাদের সাংগঠনিকভাবেই প্রতিহত করা হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পরিষদসহ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের একক, গ্রহণযোগ্য ও পরীক্ষিত প্রার্থী নির্ধারণ করতে হবে। ব্যক্তিগত বলয়ের পরিবর্তে দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া এবং দলের শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে আগামীর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এই বাংলা/এমএস
টপিক

