তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় জনগণের বিজয়: দুলু

0
151
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু / ছবি : এই বাংলা

নাটোর প্রতিনিধি :


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছিল ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক পদক্ষেপ—এ মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর–২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার বেলা ১১টায় আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু সাম্প্রতিক তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়কে দেশের মানুষের বিজয় হিসেবে উল্লেখ করে বলেন, “এটি শুধু বিএনপির নয়—এ দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফল।”

তিনি অভিযোগ করেন, মানুষের ভোটাধিকার রক্ষার রাজনীতি করে বিএনপি, আর আওয়ামী লীগ রাজনীতি করে পার্শ্ববর্তী দেশের ওপর নির্ভরশীল হয়ে। তার ভাষায়, “বিএনপি কোনো দিন বিদেশি নির্দেশে দেশ পরিচালনা করে না।”

গত বছরের জুলাইয়ের ঘটনাকে দুলু ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে বলেন, আদালত শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দিয়েছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এ সময় তিনি ভারতের অনুপ চেটিয়া প্রত্যর্পণের উদাহরণ টেনে আনেন।

অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবিতে বিএনপি ১৫ বছর সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। দেশে আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে—এটাই আমাদের বিশ্বাস।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম পলাশসহ জেলা ও উপজেলা পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরা।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here