ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

 

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (Dhaka University of Engineering & Technology (DUET)) বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড সাসটেইনেবিলিটি রিসার্চ (3CSR)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 3CSR-এর পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” শীর্ষক একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে মানবসভ্যতার অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় শুধু নীতিনির্ধারণী সিদ্ধান্তই নয়, প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা, দায়িত্ববোধ এবং কার্যকর উদ্যোগ।

তিনি আরও বলেন, একটি গাছ রোপণ মানে শুধু একটি চারা মাটিতে স্থাপন করা নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ এবং বাসযোগ্য পৃথিবীর ভিত্তি নির্মাণ করা। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রযুক্তি ও প্রকৃতির মধ্যে সুষম সমন্বয়ের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আরেফিন কাওসার পরিবেশবান্ধব জীবনযাপন, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আকরামুল আলম। তিনি গবেষণাভিত্তিক পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিবেশবান্ধব গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ ও সচেতনতামূলক এ আয়োজন পরিবেশ সংরক্ষণে ডুয়েট পরিবারের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here