ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া (সুইজ গেট) এলাকার বাসিন্দা মনোয়ারা আক্তার মনি (১৪), আনোয়ার হোসেন-এর কন্যা। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আবুল কালাম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি থানার হেফাজতে নেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। শুক্রবার (১৯ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে শওকত আলী সরকার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
কিশোরীর আকস্মিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার সকল দিক খতিয়ে দেখছে।
উল্লেখ্য, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানা যাবে।

