ডিমলায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনের সরঞ্জাম ধ্বংস, ১১ নৌকাসহ বিপুল যন্ত্রপাতি জব্দ

0
124
তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে বড় ধরনের টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল সংখ্যক সরঞ্জাম ধ্বংস ও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে টেপাখড়িবাড়ি ও খালিশাচাপানি ইউনিয়নের নদীসংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়ে একটানা কয়েক ঘণ্টা চলে। অভিযানে অবৈধভাবে বসানো বোমা মেশিন ও ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়।

অভিযানকালে পাথর উত্তোলনে ব্যবহৃত ১১টি ইঞ্জিনচালিত নৌকা, ৬টি শ্যালো মেশিন এবং ৫টি শক্তিশালী সিক্স-সিলিন্ডার মেশিন বিনষ্ট করা হয়। পাশাপাশি ৪টি নোঙর, ২টি কোদাল, ১টি বেলচা ও ৭টি লোহার টুকরি জব্দ করা হয়েছে।

অভিযানে সরেজমিনে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রওশন কবীর।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর মোঃ রেজা ও সঙ্গীয় ফোর্স। নিরাপত্তা ও সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬২ জন সদস্য এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। অভিযানের সময় নদী এলাকায় কঠোর নজরদারি রাখা হয়, যাতে কেউ পালিয়ে যেতে বা যন্ত্রপাতি সরাতে না পারে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী রাজনৈতিক চক্র দীর্ঘদিন ধরে তিস্তা নদীতে অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করছিল। এতে নদীর তলদেশ ক্ষতিগ্রস্ত হওয়াসহ কৃষিজমি, বসতভিটা ও মাছের আবাসস্থল হুমকির মুখে পড়ছিল। প্রশাসনের এই অভিযানে নদীপাড়ের বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, তিস্তা নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কোনো চাপ বা প্রভাব উপেক্ষা করেই এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here