ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী গ্রামে ভয়াবহ নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় ভাঙনকবলিত সাইক্লোন শেল্টার সংলগ্ন নদীর তীরে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত গ্রামবাসী অংশ নেন। তারা নদীভাঙনের ভয়াবহ চিত্র তুলে ধরে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন পোনাবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, পোনাবালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুস মোল্লা, সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া বক্তব্য দেন দেউরী গ্রামের আলতাফ ফকির, মো. মোরশেদ হাওলাদার, মো. আলমগীর হোসেন, মো. আব্দুল মান্নান শরীফ, মো. আবুল হোসেন খান, মো. বাচ্চু ফরাজী, মো. জামাল ফরাজী, মো. সোহাগ, মো. বুরঝুক ও মো. খলিলসহ আরও অনেকে।
বক্তারা জানান, দীর্ঘদিনের নদীভাঙনে ইতোমধ্যে প্রায় ৩০০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে অসংখ্য পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে চরম মানবিক সংকটে পড়েছে। অনেক পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয়দের অভিযোগ, নদীভাঙনের কারণে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাঙনের হুমকিতে রয়েছে স্থানীয় সাইক্লোন শেল্টারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এলাকাবাসী জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও কংক্রিট ব্লক ফেলে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার স্বপন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।
বক্তারা বলেন, নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে শুধু ঘরবাড়িই নয়, এলাকার শিক্ষা, পরিবেশ, অবকাঠামো ও মানুষের জীবন-জীবিকাও মারাত্মক হুমকির মুখে পড়বে।

