ঝালকাঠি প্রতিনিধি :
বিএনপির দুর্নাম ও সরকারের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে একটি মহল ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন আর রশিদ হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছে—এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ হাওলাদার বলেন, তিনি ছাত্র রাজনীতি থেকে বিএনপির সঙ্গে যুক্ত আছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে চেঁচরীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও গুজব ছড়াচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও দাবি করেন, ওই মহল হনুফা বেগম নামে এক নারীকে দিয়ে তার বিরুদ্ধে চাঁদা দাবি ও জমি দখলের মতো মিথ্যা অভিযোগ তুলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব অপপ্রচারের মাধ্যমে স্থানীয় একটি মহল সরকার ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি স্থানীয় এমপির এপিএসের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তিনি এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফসহ দলীয় নেতাকর্মীরা।

