স্টাফ রিপোর্টার :
জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল ও ঢাকা মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদমুক্ত, সমৃদ্ধ নতুন দেশ গড়ার জন্য প্রজন্মের মধ্যে এক জাগরণ সৃষ্টি হয়েছে।”
তিনি অভিযোগ করেন, দেড় বছর পেরিয়ে গেলেও জুলাই গণহত্যার কোনো রায় হয়নি। সরকার ইচ্ছাকৃতভাবে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করছে বলে দাবি করেন তিনি।
জাহিদুল ইসলাম আরও বলেন, “আওয়ামী লীগের বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। তারা ইতোমধ্যে সারাদেশে আগুন সন্ত্রাস চালিয়েছে। আগামীতে কোনো ফ্যাসিবাদী রাজনীতি এ দেশে চলবে না।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যাসহ সকল গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিবাদমুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এস. এম. ফরহাদ, মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন, পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহের এবং মেডিকেল জোন সভাপতি ডা. যায়েদ আহমেদ।
এই বাংলা/এমএস
টপিক

