জয়দেবপুরে রেলের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ করে বিপাকে আরএনবি’র ইনচার্জ ইমরান

0
174
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ ইমরান / ছবি - সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন সংলগ্ন কলাপট্টি রেলগেইটে রেলের জমি থেকে অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ ইমরান হুমকি ও শাসানির মুখে পড়েছেন। ঘটনাটি ঘটে গত রবিবার (১৬ নভেম্বর) বিকালে। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মোল্লার নাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে রেললাইন ও রেলক্রসিং ঘিরে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলের জমি পুনরুদ্ধারের অংশ হিসেবে সেখানে গাছ রোপণও করা হয়। এই উচ্ছেদে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় দখলদার চক্র।

ঘটনার দিন আরএনবি ইনচার্জ ইমরানের নেতৃত্বে অবৈধ দখল পুনরায় প্রতিহত করতে গেলে দখলদাররা বাধা দেয় এবং রোপণ করা গাছ তুলে ফেলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আরএনবি দুই দখলদারকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে রেলওয়ে পুলিশ তখন সক্রিয় ভূমিকা নেয়নি বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল নেতা মাসুদ মোল্লা তার অনুসারীদের নিয়ে আরএনবি অফিসে ঢুকে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে ইনচার্জ ইমরানকে শাসান ও হুমকি দেন। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে তারা মুচলেকায় স্বাক্ষর নিয়ে আটক দু’জনকে জিম্মায় নিয়ে যায়।

আরএনবি ইনচার্জ ইমরান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে অভিযান পরিচালনা করা হয়। “সরকারি কাজে বাধা ও গাছ উপড়ে দোকান বসানোর চেষ্টা করায় দুইজনকে আটক করি, কিন্তু রেলওয়ে পুলিশ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়নি,” বলেন তিনি।

সদর থানার ওসি মেহেদী হাসান জানান, তাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এরপরের অবস্থা সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঢাকা অঞ্চলের কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “হুমকির ঘটনাটি আমরা জানি। এ বিষয়ে যৌথ তদন্ত কমিটি গঠন করা হবে।” তিনি আরও বলেন, “রেলের জমিতে অবৈধ দোকান বসানোর কোনো সুযোগ দেওয়া হবে না।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here