স্টাফ রিপোর্টার :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের নারী নিরাপত্তা ও ডিজিটাল যুগের চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার নিজের জন্মদিনে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন আজ বিশ্বের প্রতিটি ক্ষেত্রকে বদলে দিচ্ছে। এই প্রযুক্তির যুগে সুযোগ যেমন বেড়েছে, হুমকিও ততটাই বৃদ্ধি পেয়েছে— বিশেষ করে নারী ও তরুণ প্রজন্মের জন্য।
তারেক রহমান লিখেছেন, আগের যেকোনো সময়ের তুলনায় আজ নারীরা আরও বেশি অনলাইন হয়রানি, হুমকি, বুলিং ও সহিংসতার শিকার হচ্ছেন। তাই নারীদের ঘরে-বাইরে, অনলাইন-অফলাইনে সর্বত্র নিরাপদ থাকা অত্যন্ত জরুরি।
নারী নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির পাঁচটি অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনাও তুলে ধরেন তিনি— ন্যাশনাল অনলাইন সেফটি সিস্টেম: সাইবার বুলিং, হুমকি, প্রতারণা ও তথ্য ফাঁসের অভিযোগ দ্রুত জানাতে ২৪/৭ হটলাইন, অনলাইন পোর্টাল ও প্রশিক্ষিত রেসপন্ডার।
পাবলিক লাইফে নারীর সুরক্ষা প্রোটোকল: সাংবাদিক, কর্মী ও শিক্ষার্থীদের জন্য দ্রুত আইনি ও ডিজিটাল সহায়তা ও গোপনীয় রিপোর্টিং চ্যানেল।
ডিজিটাল সেফটি শিক্ষা: স্কুল-কলেজে বাস্তবসম্মত ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি।
কমিউনিটি পর্যায়ের প্রতিক্রিয়া জোরদার: নিরাপদ যাতায়াত, রাস্তায় আলো, হেল্প ডেস্ক ও ট্রমা-সেনসিটিভ রেসপন্ডার নিয়োগ।
নারীর নেতৃত্ব সম্প্রসারণ: লিডারশিপ ট্রেনিং, মেন্টরিং নেটওয়ার্ক, ডে-কেয়ার সুবিধা বৃদ্ধি।
তিনি বলেন, “নারী উন্নত হলে, জাতি উন্নত হয়। নারীরা যত নিরাপদ ও ক্ষমতায়িত হবেন—বাংলাদেশ তত এগিয়ে যাবে।”
তারেক রহমান কন্যা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

