চীনের আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন: লেখক মাহাদী সেকেন্দার

0
143
লেখক-গবেষক সায়েদ মাহাদী সেকেন্দার / ছবি - সংগৃহীত

বিশেষ প্রতিনিধি :

আঞ্চলিক সাংস্কৃতিক বিনিময়কে আরও বিস্তৃত করতে আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার তরুণ গবেষক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মোঃ সায়েদ মাহাদী সেকেন্দার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শিক্ষা, গবেষণা, সাহিত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও গণমাধ্যমে দীর্ঘদিন সক্রিয় থাকা মাহাদী সেকেন্দার বর্তমানে এটিএন নিউজে স্টাফ রিপোর্টার এবং ঢাকার সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে প্রকাশিত তাঁর গল্পগ্রন্থ প্রেয়সী গল্প পাঠকপ্রিয়তা পেয়েছে। একই সঙ্গে তিনি নটর ডেম নাট্যদলের আজীবন সদস্য হিসেবে নাট্যচর্চায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

চীন সরকারের আয়োজনে সপ্তাহব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়, গবেষণা-আলোচনা, প্রশিক্ষণ কর্মশালা ছাড়াও কুজিং, কুনমিংসহ ইউনানের ঐতিহাসিক শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। পুরো আয়োজনের ব্যয় বহন করবে কর্তৃপক্ষই।

আন্তর্জাতিক পরিমণ্ডলে মাহাদীর সম্পৃক্ততা আগেও ছিল। ২০২৪ সালে তিনি রাশিয়া সরকারের আমন্ত্রণে বিশ্ব যুব উৎসবে অংশ নেন এবং একই বছর রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নটর ডেম কলেজে উচ্চমাধ্যমিক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে নিজের শিক্ষাজীবনেই কৃতিত্ব দেখিয়েছেন তিনি। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

চীনের এই আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাকে নিজের সাংস্কৃতিক গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগের অভিজ্ঞতা সমৃদ্ধ করার সুযোগ হিসেবে দেখছেন মাহাদী সেকেন্দার।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here