কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ঐতিহ্যবাহী জোড়গাছ হাটে ইজারাদারের বিরুদ্ধে সরকারি নির্ধারিত নিয়ম উপেক্ষা করে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে গভীর উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে সচেতন নাগরিক ও ব্যবসায়ীদের পক্ষে মো. আমজাদ হোসেন চিলমারী প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ঈদুল আজহার মৌসুমে চরাঞ্চলসহ আশপাশের এলাকা থেকে বিপুল পরিমাণ গরু, ছাগল, ভেড়া ও মহিষ জোড়গাছ হাটে আসে। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত হারে টোল আদায়ের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়দের দাবি, পশু বিক্রির ক্ষেত্রে প্রতি পশুতে নির্ধারিত টোলের বাইরে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে। একইভাবে কৃষিপণ্যের ক্ষেত্রে প্রতি মণে ১০ টাকা নির্ধারিত থাকলেও ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া, এক পক্ষ থেকে টোল নেওয়ার নিয়ম থাকলেও ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষ থেকেই অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগে বলা হয়।
অতিরিক্ত টোল আদায়ের কারণে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করছেন, এ পরিস্থিতি চলতে থাকলে ঐতিহ্যবাহী এই হাটের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ক্রেতা-বিক্রেতার অংশগ্রহণও কমে যেতে পারে।
এ অবস্থায় এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে হাট এলাকায় নির্ধারিত টোল চার্ট প্রকাশ, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং অবৈধ আদায় বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
এ বিষয়ে অভিযোগের অনুলিপি চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং কুড়িগ্রাম জেলা প্রেসক্লাব বরাবর পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

