চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম শালিপুর এলাকায় উন্নত মানের হাইব্রিড “প্রেসিডেন্ট” ভুট্টার মাঠ দিবস ও জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকাল ৩টায় কৃষক শেখ লোকমানের ভুট্টা ক্ষেতে প্রদর্শনী এবং বিকাল ৪টায় আব্দুল হাই খান হাট বাজারে আলোচনা সভা ও র্যাফেল ড্র’র আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে বন্ধন সীডস জেনেটিকস লিমিটেড। এতে সভাপতিত্ব করেন মেসার্স সজিব এন্টারপ্রাইজের প্রোপাইটর শেখ বারেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন রিজিওনাল ম্যানেজার শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসার সানোয়ার হোসেনসহ এলাকার শতাধিক কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাঠ দিবস উপলক্ষে কৃষক শেখ লোকমানের দুই একর জমিতে আবাদকৃত হাইব্রিড প্রেসিডেন্ট ভুট্টার প্রদর্শনী দেখানো হয়। সরেজমিনে দেখা যায়, ভুট্টার ফলন বেশ ভালো হয়েছে। একই এলাকার আরও কয়েকশো কৃষক এই জাতের ভুট্টা চাষ করেছেন এবং ভালো ফলনের আশা করছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার হোসেন জানান, তাদের প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে ১২৫টিরও বেশি উন্নত জাতের বীজ উৎপাদন করছে। প্রেসিডেন্ট ভুট্টার বীজ ৯৬ শতাংশের বেশি অঙ্কুরোদগম সক্ষম, রোগ প্রতিরোধী এবং পরিবেশবান্ধব। অন্যান্য জাতের তুলনায় এটির দামও তুলনামূলক কম বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, কৃষিবিদ ও বিজ্ঞানীদের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই এসব বীজ বাজারজাত করা হয়, ফলে কৃষকদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম জানান, এ বছর উপজেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

