চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও দেশপ্রেমের আবহে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা স্বাধীনতা ভাস্কর্যে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে একের পর এক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান।
জানা যায়, সর্বপ্রথম উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, চরভদ্রাসন থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরভদ্রাসন সরকারি কলেজ, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা যুবদল, ছাত্রদল ও শ্রমিক দল।
এছাড়াও উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, ০৩ নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, চরভদ্রাসন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা সাংবাদিক সমাজ, মানবাধিকার সংস্থা ও জাকের পার্টিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।
এই বাংলা/এমএস
টপিক

