চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাধারণ মানুষের মধ্যে আবারও ফিরতে শুরু করেছে ভোটের আস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও প্রশাসনের কঠোর নজরদারির ফলে উপজেলাজুড়ে সুষ্ঠু ভোটের পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে প্রত্যাশিত অবস্থানে ফিরে আসছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সদস্যরা নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিশেষ করে চরভদ্রাসনের যোগাযোগ বিচ্ছিন্ন ও দুর্গম চরাঞ্চলগুলোতে দেশীয় যানবাহন ব্যবহার করে সেনাবাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব এলাকায় পূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থাকলেও বর্তমানে সেনাবাহিনীর দৃশ্যমান উপস্থিতিতে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকায় পুরো অঞ্চলে স্বস্তির আবহ বিরাজ করছে। স্থানীয় ভোটাররা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের নিরাপত্তা ও নজরদারি বজায় থাকলে তারা ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীসহ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

