চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী বেরিবাঁধ এলাকার ৯০ কলোনি সংলগ্ন জমিদার খোরশেদের মালিকানাধীন একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাসায় ভাড়াটিয়া ডলি হিজরা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন ও বাণিজ্য এবং অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এলাকাবাসীর অভিযোগ, বারবার বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তবে ইপিজেড থানা সূত্রে জানা গেছে, মাঝে মাঝে অভিযান চালানো হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সরে যায় বলে জানানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযোগে আরও বলা হয়, ডলি হিজরা এর আগে শহরের স্টিলমিল, কাঠঘর ও চরপাড়া এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানান্তরিত হন। পরবর্তীতে আকমল আলী এলাকায় জমিদার খোরশেদের কাছ থেকে ভাড়া নিয়ে পুনরায় এসব কার্যক্রম চালাচ্ছেন বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার তরুণ সমাজ ক্ষতির মুখে পড়ছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে। তারা নিয়মিত প্রশাসনের হস্তক্ষেপ চাইলেও কাঙ্ক্ষিত সহায়তা পাচ্ছেন না বলে দাবি করেন।
এ অবস্থায় স্থানীয়রা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সরাসরি হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

