ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাইম (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় মিঠু (২৩) নামে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর নতুন ব্রিজের উত্তর ঢাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইম ঘিওর উপজেলার ধুলণ্ডী গ্রামের পলাশ মিয়ার ছেলে। আহত মিঠু একই এলাকার এরশাদ মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাইম ও মিঠু দৌলতপুর থেকে বরংগাইল অভিমুখে একটি জিক্সার মোটরসাইকেলে যাচ্ছিলেন। নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বাইকটির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি মহাসড়ক থেকে প্রায় ১৫ ফুট নিচে খাদে ছিটকে পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইমকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত মিঠুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

