ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম।
মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮টি স্টলে তাদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প ও প্রদর্শনী উপস্থাপন করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভাপতির বক্তব্যে ইউএনও নাশিতা তুল ইসলাম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা বিকাশে সহায়ক হবে। যথাযথ মূল্যায়ন ও উৎসাহ পেলে তারাই ভবিষ্যতে দেশের সেরা বিজ্ঞানী হিসেবে গড়ে উঠতে পারবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মেহনাজ ফেরদৌসসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।
এই বাংলা/এমএস
টপিক

