গাকৃবিতে এমএস-পিএইচডি শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

0
65
গাকৃবিতে উইন্টার-২০২৫ টার্মের এমএস ও পিএইচডি শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এ ‘উইন্টার ২০২৫’ টার্মের এমএস ও পিএইচডি প্রোগ্রামে নবভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে এক প্রাণবন্ত অরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে আগত মেধাবীদের পাশাপাশি নাইজেরিয়া থেকে আগত এক পিএইচডি শিক্ষার্থীসহ ২৪৯ জন এমএস ও ৫ জন পিএইচডি শিক্ষার্থী—মোট ২৫৪ জনকে নিয়ে এ আয়োজন করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ঐতিহ্য, গবেষণাভিত্তিক অগ্রগতি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। পরে পরিচিতি পর্বে শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন, আগ্রহ ও গবেষণার লক্ষ্য তুলে ধরেন।

নবাগতদের পক্ষে এমএস শিক্ষার্থী উমানা হোসাইন দোলনা, পিএইচডি শিক্ষার্থী মো. রাশিদুল ইসলাম এবং নাইজেরিয়ার পিএইচডি শিক্ষার্থী বেদি ইব্রাহিম তাঁদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। আবাসিক হল ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেন শহীদ তাজউদ্দিন আহমদ হল-এর প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান।

গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম উচ্চতর শিক্ষা, গবেষণা কাঠামো ও সম্ভাব্য গবেষণা-ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে নবীন গবেষকদের স্বাগত জানিয়ে বলেন, এমএস ও পিএইচডি ডিগ্রি জীবনের লক্ষ্য সুপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং গবেষণালব্ধ ফলাফল দেশের কৃষিখাতের টেকসই উন্নয়নে অবদান রাখবে। তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও জ্ঞানচর্চাকে মানবকল্যাণে নিবেদিত করার আহ্বান জানান।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। নতুন স্বপ্ন, দায়িত্ববোধ ও গবেষণার অঙ্গীকার নিয়ে গাকৃবির উইন্টার-২০২৫ ব্যাচ তাদের যাত্রা শুরু করেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here